নওগাঁয় ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
মোটরসাইকেল কেনা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাজুকে লক্ষ্য করে তার বড় ভাই ইট ছুড়ে মারেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
নওগাঁর বদলগাছী উপজেলায় বড় ভাইয়ের ইটের আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের বড় ভাই পলাতক।
বুধবার দুপুরে উপজেলার দরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম।
নিহত সাজু আহমেদ (২৭) ওই গ্রামের প্রয়াত বেলালের ছেলে। তার বড় ভাইয়ের নাম রাজু আহমেদ (৩০)।
স্থানীয়দের বরাতে মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানা বলেন, দুপুর দেড়টার দিকে সাজু ও রাজু খড়ের পালা দিচ্ছিলেন। ছোট ভাই সাজু খড়ের পালার উপরে ছিলেন।
এ সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু নীচ থেকে সাজুকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে সাজু গুরুতর আহত হয়।
পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে এসআই মনিরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, “ঘটনাস্থলে এসেছি। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
বদলগাছী থানার ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, “মৃত্যুর খবর শুনেছি। তবে কী কারণে মারা গেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
