২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

নওগাঁয় স্কুলের শহীদ মিনার ভাঙার অভিযোগ

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 06:13 PM

Updated : 22 Oct 2026, 06:13 PM

নওগাঁর বদলগাছী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান।

১৯০৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির মাঠে ২০১৬ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, গ্রামের মুদি দোকানি সেকেন্দার আলী সকালে বিদ্যালয় মাঠে পানি নিতে গিয়ে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

রাতের কোনো একসময় শহীদ মিনারটি ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান ও এসআই কামরুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এসআই কামরুল বলেন, “প্রাথমিকভাবে ভাঙচুর বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শুক্লা রানী বলেন, শহীদ মিনার ভাঙা অবস্থায় পাওয়ার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান।

তার ভাষ্য, স্থাপনাটি আগে থেকেই নড়বড়ে ছিল। তবে কে বা কারা এটি ভেঙেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রাতে বিদ্যালয়ের দপ্তরি দায়িত্ব পালন করেন কি না, জানতে চাইলে তিনি বলেন, নতুন পরিপত্র অনুযায়ী তাদের রাতে দায়িত্ব পালনে শিথিলতা দেওয়া হয়েছে। বর্তমানে তারা রাতে দায়িত্ব পালন করেন না।

বদলগাছী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আইনগত ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।