২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে আবার ‘কমপ্লিট শাটডাউন' ঘোষণা শিক্ষার্থীদের

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

চুয়েটে আবার ‘কমপ্লিট শাটডাউন' ঘোষণা শিক্ষার্থীদের

বুধবার রাতে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভা শেষে বৃহস্পতিবার থেকে আবার শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 11:07 AM

Updated : 26 Nov 2026, 11:07 AM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। কিন্তু চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি।

“তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।”

এদিকে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

পরদিন থেকেই আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে শিক্ষকরাও কর্মবিরতি শুরু করেন।

টানা ৩৬ দিন কার্যক্রম বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার আগ্রহের কথা জানালে শিক্ষকরাও কর্মবিরতি প্রত্যাহার করেন। এরপর ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়।

তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা।