ফেইসবুকে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর
ফেইসবুক লাইভে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষক শহীদ মিনার ভাঙচুরের ঘোষণা দিয়েছিলেন বলে জানায় পুলিশ।
গাইবান্ধা শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এটিআইয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার আট দিন প্রতিষ্ঠানটির এক প্রশিক্ষক ফেইসবুক লাইভে শহীদ মিনার ভাঙচুরের ঘোষণা দিয়েছিলেন বলে ভাষ্য পুলিশের।
সোমবার সকালে শহরের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা।
ভাঙচুরের খবরে শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন ওই ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, ১৮ অক্টোবর আহসান হাবীব একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন। পরদিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে কর্তৃপক্ষ।
রোববার থানার তদন্ত কর্মকর্তা ইনস্টিটিউটে গিয়ে বিষয়টি তদন্ত করেন। এর একদিন পরই সকালে মিনারের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়।
ঘটনার পরপরই বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে আহসান হাবীবকে একাধিকবার মোবাইল করা হলেও তিনি ধরেননি।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা।
