২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

বাবার অভিযোগ, “শুভর কানের নীচে, হাঁটুতে ও হাতে কালো দাগ রয়েছে; শিক্ষকরা তাকে হত্যা করেছে।“

লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মোহাম্মদীয়া এতিমখানা কমপ্লেক্স ও মোহাম্মদিয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসার ভবন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 08:31 PM

Updated : 18 Jun 2023, 08:31 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। 

রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক।

মৃত কামরুল হোসেন শুভ (১৩) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের ভূঁইয়া গাজী বেপারী বাড়ির আমির হোসেন লিটন ভূঁইয়া গাজীর ছেলে। সে স্থানীয় মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসায় থেকেই সে পড়ালেখা করত। তার বাবা লিটন উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক।

আমির হোসেন লিটন ভূঁইয়া গাজী সাংবাদিকদের বলেন, “আমার ছেলেকে রাতে মাদ্রাসার শিক্ষকরা মারধর করেছেন। তার কানের নীচে, হাঁটুতে ও হাতে কালো দাগ রয়েছে। শিক্ষকরা তাকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।” 

মোহাম্মদীয়া এতিমখানা কমপ্লেক্স ও মোহাম্মদিয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মো. সাফায়েত সাংবাদিকদের বলেন, “শুভ ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়েছে। পরে সে ক্লাসরুমে এসেছে। কিছুক্ষণ পড়ার পর শিক্ষককে জানিয়েছে, তার মাথা ব্যাথা করছে। তখন তার মাথায় মলম লাগিয়ে শুইয়ে রাখছে।

“কিছুক্ষণ পর তাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে যায়। তখন দেখে যায়, তার মুখ দিয়ে লালা ঝরছে। পরে শুভকে ২-৩ জন ধরে আমার কাছে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেওয়া হয়।”

তাৎক্ষণিক শুভকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান মুদ্রাসার সুপার। 

মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নাজমুল হক বলেন, “শিক্ষকরা জানিয়েছেন, শুভ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এতে তার মুখ দিয়ে লালা ঝরছিল। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“তাকে মারধর করা হয়েছে কি-না তা সঠিকভাবে বলতে পারছি না। পুলিশ ঘটনাটি তদন্ত করে রহস্য উদঘাটন করবে। এতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে”, যোগ করেন নাজমুল হক।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল বলেন, “পরিবারের দাবি, শুভকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।“