বরিশালে ২ নারীর লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘বিষক্রিয়ায়’ মৃত্যু
পুলিশ তিন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে এক বৃদ্ধা ও নাত বউয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের সন্দেহ, খাবারের সঙ্গে কেউ বিষ মিশিয়ে দেওয়ার কারণে ‘বিষক্রিয়ায়’ ওই দুই নারীর মৃত্যু হতে পারে।
বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তিন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন্নেছা (১০০) ও ছেলে সোলেমান খন্দকারের স্ত্রী রিপা আক্তার (২০)।
এ ঘটনায় দেলায়ার হোসেনের স্ত্রী ৫৫ বছর বয়সী মিনারা বেগমকে গুরুতর অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিদ কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নারীদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত। কিন্তু বিষ খাবারের সঙ্গে মেশানো ছিলো কিনা, সেটা পরীক্ষা না করে নিশ্চিত বলা যাবে না।”
“ঘরের আলমারি ও ওয়ারড্রব অক্ষত ছিলো। তাই চুরি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে কিনা তাও নিশ্চিত নই।”
ঘটনাটি তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে চারটি ঘরের তিনটিতে লোকজন থাকে; বাকি একটি ঘর তালাবদ্ধই থাকে। তিনটি ঘরে কোনো পুরুষ ছিলো না।
রাত ১২টার দিকে মরিয়ম বেগম নামের এক নারী শব্দ পেয়ে জানালা খুলে দেলোয়ার মেম্বরের বাড়ির সামনে সাদা শার্ট পরা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন মরিয়ম কে কে বলে ডাক দিলে লোকটি চলে যায়। এরপর মরিয়ম ওই ঘর থেকে বের হয়ে দেলোয়ার মেম্বরের ঘরের সামনে গেলে দরজা খোলা দেখেন। কিন্তু ঘরের ভেতর অন্ধকার ছিলো।
পরে তিনি ঘরে ঢুকে তিন নারীকে খাটে শোয়া অবস্থায় দেখেন। তাদের জাগানোর চেষ্টা করেও না পেরে বাড়ির অন্যদের ডাক দেন বলে জানান ইউপি সদস্য ইব্রাহিম।
তিনি আরও বলেন, পরে তিন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। একজন চিকিৎসাধীন রয়েছেন।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই নারী বিষক্রিয়াই মারা গেছেন। তবে বিষ কিভাবে প্রয়োগ করা হয়েছে, সেটা নিশ্চিত নই। নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
হাসপাতালে চিকিৎসাধীন নারীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
