১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা

‘প্রতিবাদী শিল্পী জনতার’ ব্যানারে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল।

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানবন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 07:05 PM

Updated : 26 Oct 2026, 10:44 PM

রাজধানীর ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন সংস্কৃতি কর্মী ও শিল্পীরা।

‘প্রতিবাদী শিল্পী জনতার’ ব্যানারে ডাকা হয়েছিল এ কর্মসূচি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে পরিস্থিতি বেশ উত্তেজনাকর ছিল, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীপক শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, বিষয়টি যাচাই বাছাই চলছে।

Image

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।

রাতে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “দীপকের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা বা ওয়ারেন্ট নাই। তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

আগের ডাকা এ কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকালের দিকে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ বেশ কয়েকজন ধানমন্ডির ২৭ নম্বর সড়কে মীনা বাজারের সামনে জড়ো হন।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী সুমনা সোমা বলেন, “দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের বলেন জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ জানালে পুলিশ দীপককে ধরে নিয়ে যায়।”

তিনি বলেন, “জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের ও আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই, তা কেউ থামাতে পারবে না।”