ফতুল্লায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ফের সংঘর্ষ, আহত ২০
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের আকবর নগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ ঘটে বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন জানান।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।
পরিস্থিতি এখনও উত্তেজনাকর থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ধলেশ্বরী নদীর তীরের ইটভাটায় শ্রমিক ও মাটি সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছামেদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ১০ অক্টোবরও দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।
এরই জেরে শুক্রবার সকাল থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাই ও তার লোকজন ছামেদ আলীর পক্ষ নিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ অভিযোগ করেন, তাদের একজন কর্মীকে রাস্তায় প্রতিপক্ষের লোকজন মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ব্যাপারে ছামেদ আলীর মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে পাল্টা হামলার অভিযোগ তুলে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাই বলেন, সকালে হালিম আজাদের লোকজন তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং তাদের গুলিতে একজন আহত হন।
তিনি বলেন, “প্রতিপক্ষের লোকজন আমাদের দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদ জানালে আমাদের ওপর হামলা চালানো হয়।”
