২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলার এক পর্যায়ে পানিতে পড়ে যায় ইরফান ও খাদিজা।

নেত্রকোণায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 06:59 PM

Updated : 23 Aug 2023, 06:59 PM

নেত্রকোণার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিঁধ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেলিগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হুমায়ূন মিয়া। 

নিহতরা হলো- ওই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে ইরফান মিয়া (৬) ও মো. মন্তু মিয়ার মেয়ে খাদিজা খাতুন (৪)। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন। 

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য হুমায়ূন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল ইরফান ও খাদিজা। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। 

দ্রুত তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে বেলা ১১টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থলে যান। 

পরে তারা শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা দেন বলে ইউপি সদস্য হুমায়ূন জানান।