৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সকালে বাড়ির উঠানে খেলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।

গাইবান্ধায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 05:53 PM

Updated : 30 Sep 2026, 05:53 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে; যারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

বুধবার দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জহুরুল হক।

নিহতরা হলো- ওই গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সি মেয়ে মিম আক্তার এবং তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার (৪)। সম্প্রতি সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের দুইজনকে পুকুরে ভাসতে দেখতে দেখা যায়। তবে ততক্ষণে তারা মারা গেছে।

পুলিশ পরিদর্শক জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।