ভোলার লালমোহনের পৌর মেয়রসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
এদের বিরুদ্ধে সরকারি ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
ভোলার লালমোহন পৌরসভার মেয়র ও তার শ্যালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের বরিশাল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদি হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, লালমোহনের পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, তার শ্যালক কামাল হোসেন রিয়াজ, পিরোপজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও লালমোহন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক এবং লালমোহন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নিজাম উদ্দিন।
এদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় লালমোহন পৌর অডিটোরিয়ামের (পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩) নির্মাণ কাজ যথাযথভাবে সম্পাদন না করে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এজহারে বাদী উল্লেখ করেছেন, “২০১৯-২০২০ অর্থবছরে লালমোহন পৌর অডিটোরিয়াম (পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩) এর নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ কাজের জন্য মোট তিনজন ঠিকাদার দরপত্র জমা দেন। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেয়র তুহিনের শ্যালক কামাল হোসেন রিয়াজের মেসার্স রিয়াজ স্টোরকে ১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকার কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়। চুক্তিপত্র অনুযায়ী কাজ শুরু হওয়ার দিন ছিল ২০২০ সালের ২৫ মে। একই বছরের ২৪ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার কামাল হোসেন রিয়াজ কাজের ৮০ ভাগ শেষ করে ওই বছরের ২১ জুলাই ৮৭ লাখ ১১ হাজার ১৪০ টাকা উঠিয়ে নেন।”
পৌর অডিটোরিয়ামের বাকি কাজ শেষ না করেই নির্বাহী প্রকৌশলী মের্সাস রিয়াজ স্টোরকে বিল দেওয়ার জন্য মেয়রকে সুপারিশ করেন। মেয়র চূড়ান্ত বিলের অনুমোদন দেন। এর মাধ্যমে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের ১ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা উত্তোলন করে নেয়।
গত ১৫ মার্চ গণপূর্ত বিভাগের চার সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ প্রকৌশলী টিম নিয়ে বাস্তবায়িত নির্মাণ কাজের পরিমাপ গ্রহণ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলী ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকার কাজ সম্পাদন হয়েছে বলে দেখতে পান।
দুদক বলছে, আসামীরা নিজেদের মধ্যে যোগসাজস করে ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা বেশি নিয়ে আত্মসাৎ করেছে। মামলা তদন্তকালে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আসামি করা হবে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
