২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘যৌতুকের জন্য’ তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে পিয়ারাকে শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন; পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে অভিযোগ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:13 PM

Updated : 13 Jun 2023, 08:13 PM

সিলেটে যৌতুকের জন্য নির্যাতন করে তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটেছে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ফকিরের গাঁওয়ে। 

নিহত পিয়ারা বেগম (৩৫) ফকিরের গাঁওয়ের প্রবাসী স্বামী লূৎফুর আমিনের স্ত্রী এবং কান্দিগাঁও ইউনিয়নের নীলগাঁও গ্রামের মৃত ফজর আলীর মেয়ে। 

এ ঘটনায় পিয়ারা বেগমের ভাই নুরুল ইসলাম গত ৭ জুন জালালাবাদ থানায় মামলা করেছেন বলে জালালাবাদ থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন।    

মামলার বরাতে ওসি সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ওই নারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চলাচ্ছে।’ 

যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। 

মামলার আসামিরা হলেন পিয়ারা বেগমের শ্বশুর হুনুর মিয়া (৬৫), শাশুড়ি রফিকা বেগম (৫৫) ও ননদ জাহানারা বেগম (৪৫)। 

মামলায় নিহত নারীর প্রবাসী স্বামী লূৎফুর আমিনের বিরুদ্ধে হত্যায় প্ররোচণার অভিযোগ আনা হয় বলে ওসি জানান।  

মামলার বাদী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বশুর বাড়ির পরিবারের লোকজনের নির্যাতনে গুরুতর আহত আবস্থায় পিয়ারা বেগমকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। রোববার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার বোনের মৃত্যু হয়। 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে ফকিরের গাঁওয়ের হুনুর মিয়ার ছেলে লূৎফুর আমিনের সঙ্গে বিয়ে হয় কান্দিগাঁও ইউনিয়নের নীলগাঁও গ্রামের মৃত ফজর আলীর মেয়ে পিয়ারা বেগমের। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য পিয়ারা বেগমের উপর নির্যাতন চালাতেন স্বামীর বাড়ির লোকজন। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ-বৈঠক করে তাদের সর্তক করা হয়। 

দেড় বছর আগে স্বামী বিদেশে চলে গেলে লূৎফুর আমিনের পরিবার নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। 

অভিযোগ বলা হয়, গত ৪ জুন যৌতুক হিসেবে দাবি করা টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে অস্বীকৃতি জানালে শ্বশুর হুনুর মিয়া, শাশুড়ি রফিকা বেগম ও ননদ জাহানারা বেগম মিলে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। 

মামলায় বলা হয়, খবর পেয়ে পিয়ারার ভাই নুরুল ইসলাম অজ্ঞান অবস্থায় বোনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে ৭ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।  

পিয়ারা বেগমের ১৬ বছর, ১৩ বছর ও ১৮ মাস বয়সি তিন মেয়ে রয়েছে।