০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজনকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:22 AM

Updated : 09 Nov 2026, 11:30 AM

মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকাল ৪টার দিকে বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম।

নিহত ময়না বেগমের বয়স ৫০ বছর।

নিহত ময়না বেগম ওই কোকরহাটি গ্রামের বাসিন্দা; তার বয়স ৫০ বছর।

গ্রেপ্তাররা হলেন- ময়না বেগমের প্রতিবেশী চঞ্চল মণ্ডল (৩৮), তার স্ত্রী জাহেরা (৩২) ও মা হালিমা বেগম (৬৫)।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে রোববার রাতে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সোমবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম।

মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিল।

এর জেরে ময়নার ঘরের পেছনে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে বাঁশ দিয়ে তার বুকে আঘাত করা হয়।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মামলার অভিযোগে বলা হয়।

এ মামলায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত পরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম।