০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নওগাঁয় নিখোঁজের পরদিন মিলল গৃহবধূর মৃতদেহ

ময়না রানী দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।

নওগাঁয় নিখোঁজের পরদিন মিলল গৃহবধূর মৃতদেহ

নওগাঁর মান্দা থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 04:34 PM

Updated : 03 Nov 2026, 04:34 PM

নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মান্দা থানার ওসি আফজাল হোসেন।

নিহত ময়না রানী দাস (৪৫) নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, ময়না রানী দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে মান্দা হাসপাতাল এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা ময়নাকে শনাক্ত করেন। খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ওসি আফজাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।