২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে সহোদর ২ বোনের মৃত্যু

দুপুরে শিশু দুটির মা পিংকী রানী শৌচাগারে থাকার সময় স্বর্ণা ও রূপা বাড়ির পুকুরে গোসল করতে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 08:58 PM

Updated : 25 Oct 2026, 08:57 PM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চরজব্বার থানার ওসি রফিকুল হাসান জানান।

নিহতরা হলো- ওই গ্রামের কৃষ্ণ কাহারের মেয়ে স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাস (৪)। স্বর্ণা চর আমানউল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে শিশু দুটির মা পিংকী রানী শৌচাগারে থাকার সময় স্বর্ণা ও রূপা বাড়ির পুকুরে গোসল করতে যায়। শৌচাগার থেকে বের হয়ে তাদের না পেয়ে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন মা।

একপর্যায়ে পুকুরের পানিতে বুদবুদ উঠতে দেখে সন্দেহ হলে পিংকী রানী পুকুরে নেমে দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দেখা যায় ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

চরজব্বার থানার ওসি রফিকুল হাসান বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।