লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর করে সড়কে নিক্ষেপ, স্বর্ণালংকার-ফোন ছিনতাই
বিদ্যালয়ে পাঠদান শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক শিক্ষিকাকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অদূরে সড়কের পাশ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব।
আহত লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পুলিশ ও শিক্ষিকার সহকর্মীরা জানান, বিদ্যালয়ে পাঠদান শেষে লক্ষ্মী রাণী বাড়ির উদ্দেশে বের হন। বিকাল পৌনে ৫টা দিকে উপজেলার আফজাল রোডে একটি অটোরিকশায় ওঠেন তিনি। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির সামনে।
কিন্তু অটোরিকশা চালক তাকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যান। এক পর্যায়ে তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
লক্ষ্মী রাণী নাথের সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, “ছিনতাইকারীরা লক্ষ্মীকে বেদম মারধর করেছে। তার দুটো চোখ ফুলে গেছে। চোখের পাতা কালো হয়ে আছে। মুখে জখম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় জড়িত অটোরিকশা চালকসহ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি আব্দুর রব।
