জমি নিয়ে বিরোধে নড়াইলে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা
এ সময় অন্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে গেলেও পিছনে পড়ে যান ফরহাদ মোল্যা।
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়ার থানার ওসি শরিফুল ইসলাম।
নিহত ফরহাদ মোল্যা (৫০) ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি শ্রমিক হিসেবেও কাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সাথে একই দূরসম্পর্কের চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল।
শুক্রবার সকালের দিকে ফরহাদ মোল্যাসহ পাঁচ-ছয় জন শ্রমিক বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়।
এ সময় দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় অন্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে গেলেও পিছনে পড়ে যান ফরহাদ মোল্যা।
পরে ফরহাদকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা ওসি।
