১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে বলে জানান স্বজনরা।

বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 10:16 PM

Updated : 13 Nov 2026, 10:16 PM

বরিশালের বানারীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন।

নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) ওই বাড়ির বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোর্শেদ আলম দিলির মোল্লার ছেলে। শিশির বানারীপাড়া পৌর যুবদলের সদস্য ছিলেন।

এ ছাড়া বরিশাল নগরের স্বদেশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ড্রামার ছিলেন শিশির। ব্যক্তি জীবনে এক সন্তানের জনক তিনি।

ওসি মজিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজনে মোর্শেদের পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধ মীমাংসা করেন।

ওই জমি নিয়ে মোর্শেদের বড় ছেলে জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে ছোট ছেলে শিশিরের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। এতে শিশির অসুস্থ হয়ে পড়লে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে রাত দেড়টার দিকে শিশিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা বরিশাল কোতোয়ালি মডেল থানার কনস্টেবল নজরুল ইসলাম বলেন, “শিশিরের সাথে থাকা স্ত্রীসহ সদস্যরা জানিয়েছেন, পারিবারিক বিরোধে হাতাহাতির কারণে তার মৃত্যু হয়েছে।

“প্রথমে স্বজনরা ময়নাতদন্ত করতে চাননি। পরে ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়া হবে না জানালে তারা রাজি হন। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

কনস্টেবল নজরুল বলেন, “মারামারি কারণে চোখের নিচে, বুকে ও পিঠে নখের আঁচড়ে চামড়া উঠে গেছে। বড় ধরনের কোনো আঘাত বা জখম পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

শিশিরের স্ত্রী লিজা সাংবাদিকদের বলেন, “আমার স্বামীকে বিপুল বেধড়ক মারধর করেছেন। এক পর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর ওঠে লাফালাফি করেন বিপুল। এমনকি চিকিৎসার জন্য শিশিরকে হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়।”

অভিযোগের বিষয়ে জানতে বিপুলের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।