সাভারে এসে ‘বাঙালি বউ’ হলেন সাইপ্রাসের তরুণী
সাইপ্রাসে লেখাপড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কাজের সুবাদে আন্থির সঙ্গে পরিচয় হয় বলে জানান শামীম।
ভালোবাসার টানে কয়েক হাজার মাইলের দূরত্ব পেরিয়ে ঢাকার সাভারে এসেছেন সাইপ্রাসের এক তরুণী। পাঁচ বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিয়ে হয়েছেন ‘বাঙালি বউ’।
শুক্রবার সাভারে আশুলিয়ার গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় শামীম আহমেদের বাড়িতে সাইপ্রাসের লিমাসোল শহরের বাসিন্দা আন্থি তেলেবান্থুকে ঘিরে যেন উৎসব চলছে। ভীনদেশি বউকে একবার দেখতে ভিড় জমিয়েছেন আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীরা।
তবে আন্থি তেলেবান্থুর ইচ্ছা ছিল ‘বাঙালি বউ’ হওয়ার। সে কথা জানিয়ে তার স্বামী শামীম বলেন, “আমার পরিবারের সঙ্গে আন্থি নিজেকে মানিয়ে নিয়েছে। তার কথায় বাঙালি বউ হওয়ার ইচ্ছা পূরণ হয়েছে। আট-দশজন বাঙালি বউয়ের মতোই সবার সঙ্গে মিশতেছে। পরিবার ও আত্মীয়স্বজন সবাইকে মাতিয়ে রাখছে সে।”
শামীম জানান, সোমবার বাংলাদেশে আসেন আন্থি। বৃহস্পতিবার তারা দুজন উভয় পরিবারের সম্মতিতে ঢাকা জজকোর্টে বাংলাদেশের আইন অনুসারে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।
আন্থির সঙ্গে পরিচয় ও প্রণয়ের বিষয়ে শামীম আহমেদ বলেন, “২০১৫ সালে স্টুডেন্ট ভিসায় আমি সাইপ্রাস যাই। সেখানে সিডিএ কলেজে লেখাপড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি নেই। সেই প্রতিষ্ঠানে কাজের সুবাদে আন্থির সঙ্গে আমার পরিচয় হয়।
একসময় তারা পরস্পরকে পছন্দ করতে শুরু করেন জানিয়ে শামীম বলেন, “পরে তা প্রণয়ে রূপ নেয়। সাইপ্রাসের লিমাসোল শহরে আন্থির বাসায় আমার যাওয়া-আসা শুরু হয়। ওর পরিবারের সঙ্গেও আমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।”
ভিসার মেয়াদ শেষ হয়ে এক মাস আগে আসলেও দেশে ফিরলেও আন্থির সঙ্গে তার সম্পর্ক অক্ষুণ্ন ছিল বলে জানান শামীম।
তিনি বলেন, “আন্থি এবং আমার মধ্যে অনলাইনে যোগাযোগ হত। আমার পরিবারের সঙ্গেও ভিডিও কলে কথা বলত। অনেক আগে থেকেই সে বাংলাদেশে আমার বাড়িতে আসার জন্য উদগ্রীব থাকত। এরপর গত ২৭ নভেম্বর সে বাংলাদেশে চলে আসে।”
আন্থি তেলেবান্থু বলেন, “আমরা দুজন একসাথে কাজ করেছি। তারপর বন্ধু হয়েছি এবং আমি তাকে ব্যক্তিগতভাবে একজন ভালো চরিত্রের মানুষ হিসেবেই জানি। সে অসহায় মানুষদের সাহায্য করতে পছন্দ করে। এসব থেকেই আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে যাই।
“আমার পরিবারও শামীমকে অনেক পছন্দ করে। তারা আমাদের এই সম্পর্ককে মেনে নিয়েছে। আমি বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ।”
এরই মধ্যে শামীমের পরিবারকে সবাইকে যেন আপন করে নিয়েছেন ভিনদেশি আন্থি। অল্প অল্প বাংলা ভাষায় শ্বশুড়বাড়ি, আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের মন জয় করে নিয়েছেন এই তরুণী। তাকে পেয়ে দারুণ খুশি শামীমের পরিবারও।
শামীমের চাচা ফরিদ উদ্দিন বলেন, বিদেশি মেয়ে হলেও ওর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। গত তিন দিন ধরে যখনই সে আমার সামনে আসছে ঘোমটা পরে আসছে, বাঙালি মেয়েদের মতো। সে আমাদের মতোই শাকসবজি, তরকারি খাচ্ছে। আমাদের পূত্রবধূকে নিয়ে পরিবারে কোনো সমস্যা নাই।”
