১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রুমিন ফারহানার ২ সমর্থকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 06:34 PM

Updated : 16 Sep 2026, 06:34 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

আহতরা হলেন- আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। দুজনেই বর্তমানে সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয়রা বলেন, ১৮ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘আবদুল কাদির শাহ পাঠাগার’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনকে বিশেষ অতিথি করা হয়েছে।

এ বিষয়ে মিলনায়তন বরাদ্দের আবেদনের আপডেট জানতে পাঠাগারটির সভাপতি আতাউর রহমান ও রাসেল বিপ্লব সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে যান। সেখানে ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিত দেখে তারা নিচে নেমে আসেন।

তারা উপজেলা পরিষদের বিপরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এবং নিজেদের মধ্যে কথা বলছিলেন। তার পরই তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার রাসেল বিপ্লব বলেন, “উপজেলা পরিষদের উল্টো পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। তখন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নিজে দলবল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। রুমিন ফারহানা সংসদ সদস্য হওয়ার পর থেকেই বিএনপির একটি অংশ আমাদের প্রতিপক্ষ বানিয়ে রেখেছে।”

তবে অভিযোগ অস্বীকার করে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “মাদকের বিষয়ে আমাদের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি নিজেই গিয়ে তাদের ছড়িয়ে দিয়েছি।”

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, “উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংসদ সদস্য চাইলে নির্ধারিত দিনে সংবর্ধনা অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠিত হবে।”