১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

পদ্মায় ইলিশ রক্ষার অভিযানে এমপি-প্রশাসনের ওপর জেলেদের হামলা, আটক ৩৬

জেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 06:30 PM

Updated : 19 Oct 2026, 06:30 PM

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ সময় জেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৩৬ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের কলিকাল চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব।

মা ইলিশ রক্ষার এ অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম।

এতে মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযান চলাকালে শতাধিক জেলে সংঘবদ্ধ হয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালান। তারা ইটপাটকেল ছোড়ার পাশাপাশি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন। পরে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা জেলেদের ধাওয়া করে নদীর চরের একটি জায়গায় ঘিরে রাখেন। এরপর অভিযান জোরদার করা হলে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ৩৬ জনকে আটক করা হয়।

আহত ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্বজিৎ দেব বলেন, “পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে ইটপাটকেল ছুড়েছে। পরে অভিযান জোরদার হলে তারা পালিয়ে যায়। আমরা ৩৬ জন জেলেকে আটক করেছি।”

তিনি বলেন, মা ইলিশের ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, “ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, “সরকারি অভিযান প্রতিহত করতেই জেলেরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।”

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।