ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৯
এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৯ জন।
বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহা. এনামুল হক জানান।
মৃত জয়নাল আরেফিন (৬৫) রাজবাড়ী সদর উপজেলার বেড়াডাংগা গ্রামের বাসিন্দা।
হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, ডেঙ্গু আক্রান্ত জয়নাল আরেফিন বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।
এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন; তাদের মধ্যে তিনজনের বাড়ি রাজবাড়ী এবং একজন মাগুরা জেলার বাসিন্দা বলে জানান তিনি।
বর্তমানে হাসপাতালটিতে ১৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে এনামুল হক জানান।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন।
এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫৬৬ জন; এর মধ্যে এক হাজার ৩০৭ জন রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান সিভিল সার্জন।
আরও পড়ুন:
