ফরিদপুরে ডেঙ্গু রোগী বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন রোগী।
ফরিদপুরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন রোগী। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন।
এই হাসপাতালের পরিচালক মহা. এনামুল হক বলেন, প্রতিদিনই রোগী বাড়ছে। বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়, সেখানে ৫০ জন রোগী রয়েছে। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে আরও ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিচালক এনামুল হক বলেন, “হাসপাতালে ঔষধের কোনো সংকট নেই। তবে এখন শয্যা সংকটে রোগীদের ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আমরা বেড বাড়ানোর চিন্তা ভাবনা করছি। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।”
এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন রোগী মারা গেছেন বলে জানান তিনি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪৭৭ জন। এর মধ্যে এক হাজার ১৯৩ জন রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চার জন।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। পৌর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের পাশের ড্রেনে স্প্রে এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন অভিযান চালানো হচ্ছে।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, শহরের বিভিন্ন নির্মানাধীন ভবনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
অভিযানে ভবনে ময়লা আবর্জনা থাকায় ও সেখানে মশার লার্ভা পাওয়ায় জেল জরিমানাও করা হয়েছে। এই অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
