২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ‘কথিত প্রেমিকের’ মৃত্যুদণ্ড

কুমিল্লায় ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে ভাড়া বাসায় ওই কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে জানান এপিপি।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ‘কথিত প্রেমিকের’ মৃত্যুদণ্ড

কুমিল্লায় রায় ঘোষণা শেষে দুই আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 10:10 PM

Updated : 23 Jan 2024, 10:13 PM

কুমিল্লার বরুড়া উপজেলায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ওই নারীর এক ‘কথিত প্রেমিককে’ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. আবু ইউসুফ মুন্সী জানান।

দণ্ড পাওয়ারা হলেন- বরুড়া উপজেলার চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে আশিকুজ্জামান (২৭) এবং বরুড়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী মোনালিসা হিমু (২৮)। হিমু সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

নিহত শরিফ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তিনি বরুড়া আড্ডা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ ছিলেন।

মামলার বরাতে আবু ইউসুফ মুন্সি বলেন, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে বরুড়ায় ভাড়া বাসায় খুন হন শরিফ। পরদিন থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন নিহতের স্ত্রী হিমু।

“গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসে। হিমু তার কথিত প্রেমিক আশিকুজ্জামানের সহযোগিতায় শরিফকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”

পরে হিমু ও আশিকুজ্জামানকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সাক্ষ্যগ্রহণ শেষে নিহতের স্ত্রী হিমুকে যাবজ্জীবন এবং আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন গোলাম মোস্তফা।