বাড়ি নারায়ণগঞ্জ, বস্তাবন্দি লাশ উদ্ধার বগুড়ায়
নিহত সবুজ খন্দকার নারায়ণগঞ্জের দেওয়ানবাগ খন্দকারবাড়ির প্রয়াত রিয়াজ উদ্দিনের ছেলে।
বগুড়ার দুপচাঁচিয়ায় পাওয়া বস্তাবন্দি এক মরদেহের পরিচয় মিলেছে; যার বাড়ি নারায়ণগঞ্জে।
ওই ব্যক্তির প্যান্টের পকেটে থাকা বিজনেস কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সবুজ খন্দকার (৬০) নারায়ণগঞ্জের দেওয়ানবাগ খন্দকারবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে; তিনি প্রাইভেটকার চালক ছিলেন।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকাল ৮টায় দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার গলা ও ডান কানের ওপরে আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আদম রানা জানান, সকালে স্থানীয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয় স্থানীয়রা। পরে তারা বস্তায় লাশের বিষয়টি নিশ্চিত হলে পুলিশকে খবর দেন।
“তিনি আমাদের স্থানীয় কেউ নন। আমরা ওনাকে চিনি না।”
দুপচাঁচিয়া থানার এসআই সোহেল রানা বলেন, তার প্যান্টের পকেটে থাকা বিজনেস কার্ড থেকে তার পরিচয় জানা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে তিন থেকে চার দিন আগে হত্যার পর লাশ পুকুরে ফেলে রেখে যায়।
