২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ

নৌকা ও ট্রাক মার্কার সমর্থকদের মধ্যে মারধরে একজন আহত হয়েছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ

মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক আহত হৃদয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 04:57 PM

Updated : 25 Dec 2023, 04:57 PM

কথা কাটাকাটির জেরে মানিকগঞ্জ-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

সিঙ্গাইর, হরিরামপুর এবং সদর উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক হৃদয় (১৮) আহত অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি রয়েছেন। 

এই আসনে আওয়ামী লীগের হয়ে তৃতীয়বারের মত নির্বাচন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 

আহত হৃদয় বলেন, “জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লবের সঙ্গে রোববার আমার কথা কাটাকাটি হয়। এ সময় বিপ্লব ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে ফোনে ডেকে আনেন। পরে লুতফরের নেতৃত্বে আমার ওপর হামলা হয়েছে। আমি হাসপাতালে ভর্তি।” 

এদিকে রোববার সন্ধ্যার পর উপজেলা চত্বরে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদের আরও চার-পাঁচ সমর্থককে নৌকা প্রতীকের সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। 

দ্বিতীয় দফায় হামলায় আহত হয়েছেন দাবি করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাসুদুর রহমান বলেন, “আমরা উপজেলা চত্বরে চায়ের দোকানে ছিলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের সাবেক ভিপি পলের নেতৃত্বে নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ারসহ ১০-১৫ জন লাঠি দিয়ে আমাদের ওপর হামলা করে। 

“হামলায় যুবলীগ নেতা আনোয়ার মেম্বার, আলমাস মেম্বার, আবুল মেম্বার, আমি ও আফজাল ভাই আহত হয়েছি।” 

হামলার ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি। 

তবে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু হামলার কথা অস্বীকার করেছেন। 

তিনি বলেন, “আমরা কাউকে হামলা করিনি। আমরা উপজেলায় নির্বাচনি প্রচার চালিয়ে চলে আসি।” 

তিনি আরও বলেন, “নৌকার নির্বাচনের কাজ শেষে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বাড়ি যাওয়ার পথে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যানের ছেলে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়।” 

এ বিষয়ে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

দ্বিতীয় দফায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা করা হয়েছে কি-না জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, “হামলা নয়, আমরা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চলে আসি।” 

এ বিষয়ে নৌকা প্রতীকের সমর্থক জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বলেন, “বিকালের দিকে নির্বাচনি প্রচারের মাঝে উপজেলা চত্বরে খেতে বসি। এমন সময় নবীনুর দেওয়ান পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায়। 

“পরে সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছি।”  

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, “আবিদ হাসান বিপ্লবের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আর বিকালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনায় মারধরে একজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।” 

হরিরামপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।