২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মেরিন ড্রাইভে প্রাণ গেল তিনজনের

পুলিশ জানায়, নিহতদের একজন ইজিবাইক যাত্রী, অপর দুজন মোটরসাইকেল আরোহী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 11:21 PM

Updated : 07 Jun 2023, 11:59 PM

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

বুধবার বিকালে ওই সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে ইনানী পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিম জানান।

নিহতরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে মো. ইমারত হোসেন (৪০), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রিদুয়ান (২১) এবং হলদিয়াপালং ইউনিয়নের হিরা মিয়ার ছেলে আক্তার হোসেন (২০)।

এদের মধ্যে ইজিবাইক যাত্রী ইমারত হোসেন উখিয়া উপজেলার ইনানীস্থ পালংকি রেস্তোরাঁর কর্মকর্তা ছিলেন। নিহত অপর দুজন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র।

এতে আহত ইজিবাইকটির চালক জয়নাল আবেদীন (৩২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই রেজাউল বলেন, বিকালে ওই সড়কের শফিরবিল এলাকায় টেকনাফের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, আহত মোহাম্মদ রিদুয়ান ও আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ওই কর্মকর্তা বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১৪
ডিম ভরতি পিকআপ সড়ক বিভাজকে, চালক-সহকারীর মৃত্যু
পাবনায় ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মা-মেয়েসহ আহত ৩