২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিম ভরতি পিকআপ সড়ক বিভাজকে, চালক-সহকারীর মৃত্যু

দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 10:24 PM

Updated : 07 Jun 2023, 10:24 PM

ফেনীতে ডিম ভরতি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কায় চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের খাইয়ারা এলাকায় এ ঘটনা ঘটে বলে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী জানান।

গাড়িটির চালকের সহকারী নিহত জহির উদ্দিন (২৫) গাইবান্ধা জেলার বাসিন্দা। তবে চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মুরগির ডিম বোঝাই পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফেনী সদরের খাইয়ারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহকারীর মৃত্যু হয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

হাইওয়ে পুলিশের পরিদর্শক রাশেদ খান আরও জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।