২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ইজিবাইক চালকের ‘কল লিস্ট’ থেকে মিলল সূত্র, গ্রেপ্তার ৭

সোমবার যশোর সদরের নতুন হাটে একটি পাট ক্ষেত থেকে ইজিবাইক চালক বুলবুল হোসেনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

নিহত ইজিবাইক চালকের ‘কল লিস্ট’ থেকে মিলল সূত্র, গ্রেপ্তার ৭

ইজিবাইক চালক বুলবুল হোসেন হত্যা মামলায় এই সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 07:31 PM

Updated : 12 Jul 2023, 07:31 PM

যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে ইজিবাইকটি।

নিহত চালক বুলবুলের মোবাইল ফোনের ‘কল লিস্ট’ থেকে অভিযুক্তদের শনাক্তের পর গ্রেপ্তার করা হয় বলে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শহরের শংকরপুরের এসার আলী, মাহমুদ ওরফে মামুন, শুকুর আলী ও হৃদয় এবং সাতক্ষীরার শ্যামনগরের দুরমুজখালী গ্রামের দুই ভাই আকবর গাজী ও ইব্রাহিম গাজী।

দুরমুজখালী গ্রাম থেকে বুলবুলের ইজিবাইকটিও উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই গত শনিবার সন্ধ্যায় বুলবুলকে টেলিফোন করে ডেকে নেন তারা। এরপর মণিহার সিনেমা হল এলাকা থেকে তারা বুলবুলের ইজিবাইকে ওঠেন। শহরের বিভিন্ন স্থানে ঘোরার সময় তাকে চেতনানাশক মিশ্রিত জুস খাওয়ানো হয়। তিনি অচেতন হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় নতুন হাট এলাকায়।

সেখানে গামছা ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে বুলবুলকে হত্যা করে মরদেহ পাট ক্ষেতের মধ্যে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি বিক্রির উদ্দেশে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালী গ্রামে নিয়ে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মামলার তদন্ত করতে গিয়ে নিহত বুলবুলের মোবাইল ফোনের কল লিস্ট থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর যশোর শহরের শংকরপুর থেকে পাঁচজন ও সাতক্ষীরার শ্যামনগর থেকে দুইজনকে আটক করা হয়।”

এর আগে সোমবার যশোর সদরের নতুন হাটে একটি পাট ক্ষেত থেকে ইজিবাইক চালক বুলবুল হোসেনের (৩৬) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলবুল সদর উপজেলার রাজারহাটের মৃত আব্দুর রশিদের ছেলে। গত শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেদিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বেরিয়ে নিখোঁজ হন তিনি।

মরদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার বুলবুলের ভাই ফরহাদ হোসেন যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

আরো পড়ুন:

পুরনো খবর:

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার