২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে জঙ্গি সংগঠনের সদস্যদের অনশন

সকালের নাস্তা গ্রহণ না করে তারা কারাগারের ভেতর অনশন করেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 07:57 PM

Updated : 07 Jan 2023, 07:57 PM

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন দাবিতে অনশন করেছেন জঙ্গি সংগঠনের সদস্যরা।

কারা বিধি/আইনের বাইরে বাড়তি সুবিধার দাবিতে শনিবার সকালের নাস্তা গ্রহণ না করে তারা কারাগারের ভেতর অনশন করেন বলে জানিয়েছেন জেল সুপার সুব্রত কুমার বালা।

জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, “এ কারাগারের একটি ভবনে জঙ্গি সংগঠনের সদস্য, জেএমবি সদস্য, সন্ত্রাসী বন্দি রয়েছেন। বিধি অনুযায়ী, ২৪ ঘণ্টাই তাদের লক-আপে থাকার কথা। তারপরও তারা ভবনের বারান্দা পর্যন্ত চলাচল করতে পারেন। 

“কিন্তু তারা কারাচত্বরের ভেতরে সাধারণ বন্দিদের মতো ঘোরাঘুরি করতে চান ও একসঙ্গে মিশতে চান। এ ছাড়া বাইরে থেকে স্বজনদের সরবরাহ করা বিদেশি কম্বল, প্রতি সপ্তাহে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলাসহ নানা দাবি তুলেন তারা।“

জেল সুপার বলেন, “শীত বেশি হওয়ায় তাদের জন্য কম্বলের সংখ্যা বাড়ানো হলেও তাদের দাবি- সরকারি কম্বলে তাদের শরীর চুলকায়। এসব নানা দাবি তুলে শনিবার ১০টার দিকে কতিপয় জঙ্গি, জেএমবি সদস্য ও সন্ত্রাসী বন্দি অনশন শুরু করেন।”

তিনি আরও বলেন, “কারাবিধি অনুযায়ী, বন্দিদের সব সুবিধা দেওয়া হয়। কিন্তু কারাবিধি বা আইনের বাইরে বন্দিদের জন্য কোনোকিছু করার নিয়ম বা সুযোগ নেই। জঙ্গি সদস্যদের তাদের ইচ্ছামতো চলতে দিলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।”

পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয় এবং তারা সবাই নাস্তা গ্রহণ করেন। তবে সাধারণ কোনো বন্দি এই অনশনে অংশ নেননি বলেও জানান জেল সুপার।