মাগুরায় উদ্ধার কঙ্কালের পরিচয় মিলেছে, বাবা-ছেলে গ্রেপ্তার
তদন্তকারী কর্মকর্তা বলেন, “হত্যার কারণ এখনও রহস্যজনক।”
গত ১৭ নভেম্বর মাগুরায় উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় মিলেছে। ১৭ বছর বয়সি তরুণীকে হত্যার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে নবুয়াত আলী (৫০) ও তার ছেলে শশি আহমেদকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির বিশ্লেষণের বরাতে পুলিশ জানায়, শশি ও ওই তরুণীর মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা ঘনিষ্ট হয়।
তবে অজ্ঞাত কারণে তাকে হত্যা করে সদর উপজেলার গাংনালিয়া সেতুর নিচে কুমার নদের তীরে মরদেহ ফেলে দেওয়া হয়।
গত ১৭ নভেম্বর এলাকাবাসীর খবরে ওই এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। যার তদন্তে নেমে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ পায়।
“পরে মোবাইল প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে বাবা-ছেলের জড়িত থাকার তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে,” বলেন সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই তরুণীকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে পুলিশকে শশি জানিয়েছেন, মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। শ্বাসকষ্ট জনিত রোগের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে নদীর তীরে ফেলে রেখে যান শশি।
প্রেপ্তারদের বৃস্পতিবার বিকালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে।”
মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই আলমগীর হোসেন বলেন, “প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেয়েটি শহরের আদর্শ পাড়ায় শশির ভাড়া করা কক্ষে আসা-যাওয়া করত। এক পর্যায়ে অজ্ঞাত কারণে শশি মেয়েটিকে হত্যা করেন। পরে বাবার সহযোগিতায় তার মরদেহ তোষক দিয়ে মুড়িয়ে ঘটনাস্থলে ফেলে রেখে যান।”
বিষয়টি বিভিন্ন গণমাধ্যামে প্রচার পায়। যা দেখে মেয়েটির বাবা আছাদুজ্জামান সদর থানায় যোগাযোগ করেন।
সাথে পাওয়া হাতঘড়ি ও জামাকাপড় দেখে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশ ঘটনার তদন্তে নামে।
মেয়েটির ব্যবহৃত মোবাইল ফোন কলের সূত্র ধরে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনও রহস্যজনক। গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি।”
