মাগুরায় সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার
তাদের সঙ্গে নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারের পর মাগুরায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দলের সাধারণ সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া সংগঠনের নেতা-কর্মীদের তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাগুরায় সম্প্রতি ঘটে যাওয়া সোনার চোরাচালানের ঘটনায় তাদের নাম এসেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
“আমি শুনেছি, মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল পরিবহনে কাউন্টারে ২১ অক্টোবর গুলিতে নিহত সাকের হোসেনের এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেকের বাড়ি থেকে সোনা উদ্ধার করা হয়েছে। এ সব ঘটনায় আমরা বিব্রত। তারেক রহমানের সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না।”
