নওগাঁয় ১৮ ‘ডাকাত’ গ্রেপ্তার, ট্রাক-চাল-অস্ত্র উদ্ধার
পুলিশ জানায়, নওগাঁয় সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাত দল চাল ভরতি ট্রাক ডাকাতি করেছিল।
নওগাঁয় ১৮ জন ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পাশাপাশি ডাকাতি করা ট্রাক, চাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
এসপি রাশিদুল হক জানান, গত ২২ মার্চ রাতে গাইবান্ধা থেকে ৪০০ বস্তা আতপ চাল নিয়ে একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। পথে রাত দেড়টায় নওগাঁ শহরের বাইপাসের পাশে ইকরতারা এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাত দল চাল ভরতি ওই ট্রাকটি আটকায়।
পরে ট্রাকের চালক ও তার সহকারীর হাত-পা-মুখ বেঁধে ফেলে রেখে আতপ চালসহ ট্রাক নিয়ে যায় ডাকাতরা।
ভোরে এলাকাবাসীর সহায়তায় হাত-পায়ের বাঁধন খুলেন ট্রাকের চালক ও তার সহকারী। পরে তারা বিষয়টি নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানান।
এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ অভিযানে নামে।
পুলিশ জানায়, এক পর্যায় বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট থেকে ডাকাতদের নিয়ে যাওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে প্রথমে ডাকাতির চালের দুই ক্রেতাকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে সোহাগ হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ডাকাতির ৯০ বস্তা ও বগুড়ার নিশিন্দারা থেকে আরও ২০ বস্তা চাল উদ্ধার করা হয়।
পরদিন বুধবার কাহালু থানা এলাকা থেকে শাজির উদ্দিন মণ্ডল ওরফে মিলন নামের একজনকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ১১১ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
ওই দিনই বগুড়ার কাহালু থানা এলাকা থেকে জিয়া নামের এক ডাকাতকে এবং বৃহস্পতিবার রাতে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে শাহজাহান ওরফে লালন, মেহেদী হাসান এবং ইউসুফ আলী নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার মেহেদী হাসান ও ইউসুফ আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। শুক্রবার ভোরে বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত দলের হোতা মাহফুজ আলম, রাজু পালোয়ান এবং রতন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তার রাজু পালোয়ানকে নিয়ে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করে ১১১ বস্তা চাল বিক্রির ২ লাখ ১৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
সেইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, হাসুয়া, দা, প্লায়ার্স ও হাতুড়ি জব্দ করা হয়।
চাল ডাকাতির ঘটনায় মোট ১২ ডাকাত গ্রেপ্তার হন জানিয়ে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গ্রেপ্তার ডাকাতদের মধ্যে জিয়াউর জিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি, আব্দুল মজিদের বিরুদ্ধে ডাকাতিসহ চারটি, মেহেদী হাসানের বিরুদ্ধে ডাকাতিসহ দুটি, রতনের বিরুদ্ধে ডাকাতিসহ দুটি এবং রাজু পালোয়নের বিরুদ্ধে খুন-ডাকাতিসহ আটটি মামলা আছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২২ মার্চ রাতে জেলার পোরশা উপজেলার সরাইগাছি-অড্ডা সড়কের তাইতর মোড় এলাকায় দুষ্কৃতকারীরা একটি মোটরসাইকেল আটকিয়ে মিলন হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ওই সময় সে পথে যাওয়া একটি মাইক্রোবাস আটকায় দুষ্কৃতকারীরা। পর রাফিয়া জান্নাত নামে এর যাত্রীর কাছ থেকে সোনার গহনা ও আমেনা খাতুন নামের অপর যাত্রীর কাছ থেকে নগদ ১৪ হাজার টাক ছিনিয়ে নেয়া হয়।
এ ঘটনায় আমিনা খাতুনের ছেলে আমিনুল ইসলাম রাজু বাদী হয়ে পোরশা থানায় মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. বাচ্চু মৃধা, বদিউজ্জামান তোতা, হাফিজুর রহমান ওরফে হাফিজুল, মো. মোশারফ হোসেন, মো. সাদেকুল ইসলাম এবং মো. শাহিন আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান ছিলেন।
