০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার

মজুতদার একজনকে কারাদণ্ড ও জরিমানা এবং আরেকজনকে জরিমানা করা হয়েছে।

চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার

নগরীর বাকলিয়ায় নতুন চাক্তাই ভেড়ামার্কেট এলাকায় আটটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১৮০০ বস্তা সার জব্দ করে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 12:49 AM

Updated : 06 Oct 2026, 12:49 AM

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় দুই ব্যক্তির আটটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা তিন ধরনের প্রায় ১৮০০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসন।

অভিযানের সময় অবৈধভাবে সার মজুতের অভিযোগে মো. ফারুক নামের এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড এবং মো. শাহ আলম নামের আরেক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

তাদের মধ্যে মো. ফারুকের ছয়টি গুদামে প্রায় দেড় হাজার বস্তা এবং শাহ আলমের দুটি গুদামে তিনশ বস্তা সার মেলে।

দু'জনের কাছ থেকে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করার তথ্য দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, অভিযানে টিএসপি, এমপিও ও ডিএপি সার জব্দ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর বাকলিয়ায় নতুন চাক্তাই ভেড়ামার্কেট এলাকায় এ অভিযান চলে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি, সদর সার্কেল) মো. সাকিব উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কৃষি উপকরণ ও সারের বাজারে শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এ কঠোর তদারকি ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, তাদের সার কেনাবেচার কোনো লাইসেন্স নেই। অবৈধভাবে এসব সার মজুদ করা হয় বেশি দামে বিক্রি অথবা পাচারের উদ্দেশ্যে।

তবে কীভাবে এবং কোথা থেকে ওই দুই ব্যক্তি এসব সার যোগাড় করেছেন তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।