১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডোবায় ফেলে নবজাতক যমজ শিশুকে হত্যা, মা গ্রেপ্তার

যশোরের কেশবপুর থানার পুলিশ জানায়, স্বামীর সঙ্গে কলহের জেরে মঙ্গলবার রাতে বাড়ির পেছনের ডোবায় দুই সন্তানকে ফেলে দেন সুলতানা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 07:03 PM

Updated : 22 Nov 2023, 07:03 PM

যশোরের কেশবপুর উপজেলায় ডোবায় ফেলে ১২ দিন বয়সের যমজ ছেলে-মেয়েকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পৌর সদরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশের ডোবা থেকে যমজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে কেশবপুর থানার ওসি মো. জহিরুল আলম জানান।

গ্রেপ্তার সুলতানা খাতুন (৩২) ওই এলাকার আবু বক্করের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি জহিরুল বলেন, ওই এলাকায় ঘরজামাই থাকেন আবু বক্কর। সুলতানা গত ১০ নভেম্বর যমজ ছেলে-মেয়ের জন্ম দেন।

“স্বামী আবু বক্করের সঙ্গে কলহের জেরে মঙ্গলবার রাত ২টার দিকে দুই সন্তানকে বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করেন সুলতানা।”

তিনি আরও বলেন, খবর পেয়ে বুধবার সকালে ওই ডোবা থেকে নবজাতক যমজ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যার অভিযোগে সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আবু বক্কর বাদী হয়ে থানায় হত্যা মামলা করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতানা খাতুন তার দুই শিশু সন্তানকে হত্যার করার কথা স্বীকার করেছেন।”