নওগাঁয় ধান ক্ষেতে মিলল যুবকের মরদেহ
ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে মোরশদ মারা গেছেন বলে ধারণা পুলিশের।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
২২ বছর বয়সী মোরশদ আলম শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের সামসুদ্দিন আহমেদের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয় মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মোরশদ আলমের মরদেহ শনাক্ত করেন।
বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোরশদ মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আসাদ।
