বান্দরবানের দুর্গম পাহাড়ে জুমচাষিকে কুপিয়ে হত্যা
পুলিশ বলছে, মরদেহ নিয়ে সন্ধ্যায় থানা সদরে পৌঁছলে বিস্তারিত বলা যাবে।
বান্দরবানের থানচি উপজেলায় এক জুমচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার রেমাক্রি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বড়মদক এলাকায় জুম ক্ষেতের মধ্যে ওই চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে থানচি থানার ওসি ইমদাদুল হক জানান।
নিহত মংক্যচিং মারমা (৪৭) বড়মদক বাজার এলাকার ভিতর পাড়ার বাসিন্দা।
রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা দুপুরে সাংবাদিকদের বলেন, “সকালে জুম ক্ষেতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পাড়াবাসী জানিয়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।
“ধারণা করা হচ্ছে, জুম ক্ষেতে কারও সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।“
এলাকাটি বেশ দুর্গম। মরদেহ থানচি সদরে নিয়ে আসা হচ্ছে। নদীপথে বড়মদক থেকে থানচি পৌঁছতে ইঞ্জিনচালিত নৌকায় চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি।
থানচি থানার ওসি ইমদাদুল বলেন, “জনপ্রতিনিধির মাধ্যমে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। এলাকাটি খুবই দুর্গম। মরদেহ নিয়ে সন্ধ্যায় পৌঁছলে বিস্তারিত বলা যাবে। এরপর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।”
