নওগাঁয় জমির বিরোধে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশ জানায়, এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমির বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান।
নিহত সত্তরোর্ধ্ব মো. আবুল কালাম আজাদ (৭০) ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল কালাম আজাদ তার ছেলে মেহেদী হাসানের নামে গ্রামে কিছু জমি কিনেন। শুক্রবার সেখানে মাটি ভরাটের কাজ চলছিল।
এ সময় গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোহম্মদ আলী, তার বোন রওশন আরা, স্ত্রী শাহনাজ বেগম, মেয়ে শাপলা খাতুন, ভাগনে রাব্বানীসহ কয়েকজন তাতে বাধা দেন। পরে তার ওপর হামলা চালানো হয়।
আবুল কালাম আজাদকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর বলেন, আবুল কালাম আজাদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
তিনজনকে আটক করার কথা জানালেও তাদের নাম জানায়নি পুলিশ।
