২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: নওগাঁয় আওয়ামী লীগের বাবলুসহ দুই প্রার্থীকে শোকজ

১০ ডিসেম্বর প্রার্থীদের অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: নওগাঁয় আওয়ামী লীগের বাবলুসহ দুই প্রার্থীকে শোকজ

আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান সরকার বাবলু (বামে) এবং জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 09:22 PM

Updated : 05 Dec 2023, 09:22 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুজ্জামান সরকার বাবলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

একই কারণে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনকেও তলব করা হয়েছে।

মঙ্গলবার বিকালে আলাদা চিঠির মাধ্যমে ওই দুই প্রার্থীতে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ সহকারী জজ মো. আহসান হাবিব।

চিঠিতে ১০ ডিসেম্বর দুপুরে প্রার্থীদের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহসান হাবিব বলেন, ৩০ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে ৩ ডিসেম্বর থেকে জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জাল হোসেনের লোকজন বিভিন্ন এলাকায় রঙ্গিন পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়; যা নির্বাচনি আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।

এ ছাড়া আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান সরকারের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।