রামপালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার তেঁতুলিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার তেঁতুলিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানান রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম।
নিহতরা হলেন- রামপাল উপজেলার শংকরনগর গ্রামের এনামুল (২৬), বেলাই গ্রামের আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের সাইদুল (২৮)। তারা তিনজনই স্থানীয় একটি মাছের ঘেরের কর্মী।
ওসি বলেন, “তিন আরোহী রামপালের ফয়লা থেকে বেলাই ব্রিজের কাছে মাছের ঘেরে যাচ্ছিলেন। পথে উল্টোমুখী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে এখনও শনাক্ত করা যায়নি। ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।”
