রাজবাড়ীতে শাশুড়িকে হত্যায় গৃহবধূর যাবজ্জীবন
পিপি জানান, ২০১৮ সালে রোজিনা তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেন।
রাজবাড়ীতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) উজীর আলী জানান।
দণ্ডিত রোজিনা বেগম বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।
মামলার বরাত দিয়ে পিপি উজীর আলী বলেন, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তার নাতনি পরশীয়াকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে নুরজাহানের ছেলে বারেক শেখ বাড়ির পাশে এক ক্ষেতে কাজ করতে যান।
পিপি আরও বলেন, কিছুক্ষণ পর রোজিনা তার স্বামী বারেককে মোবাইল করে জানান, তার মায়ের ঘরের বিদ্যুৎ বন্ধ এবং বেড়ায় কেউ থাপ্পড় দিচ্ছে।
খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন তার মায়ের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরদিন নুরজাহানের ছেলে বারেক বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
আইনজীবী বলেন, মামলার তদন্তে বেরিয়ে আসে রোজিনাই তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন।
পরে তদন্তকারী কর্মকর্তা রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি রোজিনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
