২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

ওয়াহিদুল ঢাকা থেকে মোটরসাইকেলে করে নড়াইলে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 07:06 PM

Updated : 18 Jul 2023, 07:06 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান মো. শরিফুল ইসলাম। 

নিহত ৬০ বছর বয়সী ওয়াহিদুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়া গ্রামের প্রয়াত মহসিন উদ্দীন খানের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শরিফুল জানান, ওয়াহিদুল মোটরসাইকেলে করে ঢাকা থেকে লোহাগড়ার নোয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পাশে খাদে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শরিফুল।