ঝিনাইদহে সড়কে গেল চাচা ও ভাতিজার প্রাণ
আলমসাধু উল্টে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়।
ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে আলী হোসেন (৬০) ও গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান (২৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহতের স্বজন ও দুর্ঘটনা এলাকার স্থানীয়দের বরাত দিয়ে সাধুহাটী ইউনিয়নের ৪ নম্বর ইউপির সদস্য মো. মুকুল হোসেন জানান, ওই দুজন পাটকাঠি কিনতে গ্রামের বাড়ি থেকে আলমসাধুতে চড়ে ফরিদপুর যাচ্ছিলেন। পথে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা দুজন রাস্তার ওপর ছিটকে পড়েন। তখন পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে চাচা-ভাতিজা ঘটনাস্থলেই মারা যান।
পরে সঙ্গে থাকা আলমসাধুর অন্য যাত্রীরা মরদেহ দুটি নিয়ে বাড়ি চলে যান।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, দুজন নিহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
