২৪ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক
একদিন আগে রেল সেতুটি দেবে গেলে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু মেরামতের ২৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এতে উত্তরের এ জেলার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের কাউনিয়া থেকে একটি শাটল ট্রেন কুড়িগ্রাম রেলস্টেশনে পৌঁছায় বলে জানিয়েছেন কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার শামসুজ্জোহা।
তিনি বলেন, উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় ফোর-জে রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। পরে দিন-রাত প্রায় শতাধিক শ্রমিক সেতুটি মেরামতের কাজ করেন।
এর আগে রেল স্টেশন মাস্টার বলেন, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। পরে শুক্রবার সন্ধ্যায় এই পথে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেন।
তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকায় যাতায়াত করা কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের জন্য লালমনিরহাট, তিস্তা এবং কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে ওঠার ব্যবস্থা করেছিলেন রেল কর্তৃপক্ষ।
তিস্তা পথ বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, দেবে যাওয়া রেল সেতুটি বিরতিহীনভাবে মেরামত করে স্বাভাবিক করা হয়েছে। শুকনো মৌসুমে রেল সেতুটির স্থায়ীভাবে কাজ করা হবে।
