২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিপণ পেয়েও’ খুন করল শিশুকে, গ্রেপ্তার ৩

রেদোয়ানের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা; শুক্রবার রাতে বিকাশে ১০ হাজার টাকা পাঠানো হয়।

‘মুক্তিপণ পেয়েও’ খুন করল শিশুকে, গ্রেপ্তার ৩

রেদোয়ান ইসলাম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 07:44 PM

Updated : 20 Mar 2023, 07:44 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অপহরণের তিন দিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে পোতাজিয়া দহবিল এলাকা শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ।

নিহত রেদোয়ান ইসলাম (৮) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়ার মমিরুল ইসলামের ছেলে। সে নগরডালা বাজারের হাবিবুল্লাহ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

গ্রেপ্তাররা হলেন- শাহজাদপুরের রতনকান্দি গ্রামের সাগর (১৯), ভ্যান চালক নাঈম (২০) ও জিগারবাড়িয়া গ্রামের সাখাওয়াত (১৯)।

নিহতের চাচা কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে রেদোয়ান নিখোঁজ হয়। রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ‘অপহরণকারীরা’ রেদোয়ানের বাবা মমিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে ছেলেকে হত্যার হুমকি দেন।

“ওই রাতেই সন্তানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান মমিরুল।”

কামরুল জানান, এরপর থেকে অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন শনিবার সকালে মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে অপহরণ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পোতাজিয়া দহবিল এলাকায় একটি ঘাসের ক্ষেত থেকে রেদোয়ানের লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।