২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আগুনে ২৬ দোকান ও ৮ বসতবাড়ি ভস্মীভূত

আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

গাইবান্ধায় আগুনে ২৬ দোকান ও ৮ বসতবাড়ি ভস্মীভূত

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে আগুনে মালামালসহ দোকান ঘর ছাই।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 05:47 PM

Updated : 07 Apr 2023, 05:47 PM

গাইবান্ধা সদর উপজেলার এক বাজারে আগুনে ২৬টি দোকান এবং আটটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে এ আগুন লাগে বলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, প্রথমে বাজারের গরুর হাটের প্রবেশ পথের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

“এতে মুদি, ওষুধ, সোনা, রড-সিমেন্ট, কম্পিউটার, লাইব্রেরি, বীজ, মাংসসহ বিভিন্ন সামগ্রীর ২৬টি দোকান ঘর ও গোডাউন এবং বাজার সংলগ্ন আটটি বসতঘর ছাই হয়েছে।”

তবে আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেননি ইউপি চেয়ারম্যান।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুন নেভাতে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট অংশ নেয়।

দোকান সংলগ্ন বসতবাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।