২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সবাই বিনা ভোটে জিততে চলেছেন

আমিনুল ও হোসনেয়ারা ২০১৯ সালের ১৮ জুনের উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সবাই বিনা ভোটে জিততে চলেছেন

চেয়ারম্যান পদপ্রার্থী (বাঁ থেকে) আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ নিয়াজ পাভেল এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হোসনেয়ারা বেগম বকুল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 10:46 PM

Updated : 21 Apr 2024, 10:46 PM

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

রোববার এ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এই উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনজন।

তিন প্রার্থী হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হোসনেয়ারা বেগম বকুল।  

এই তিন প্রার্থীই কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে পরিচিত। 

রোববার সন্ধ্যায় কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, “আমরা যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করব। এরপর তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।” 

স্থানীয় কয়েকজন নেতা জানান, ৭ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা হয়। সেখানে উপজেলা নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হয়।

ওই সভায় কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার উপস্থিত ছিলেন। 

সেখানে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ওই তিনজনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয় বলে জানান আওয়ামী লীগ নেতারা। 

তিন প্রার্থীর মধ্যে আমিনুল ইসলাম টুটুল ও হোসনেয়ারা বেগম বকুল ২০১৯ সালের ১৮ জুনের উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। 

আর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল এবারই প্রথম নির্বাচন করছেন।