১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি

জেলা হাসপাতালের জন্য ঢাকা থেকে ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক চেয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 09:47 PM

Updated : 10 Oct 2026, 09:47 PM

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেইসঙ্গে জেলা হাসপাতালে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক চেয়েছে সংগঠনটি।

শনিবার দুপুরে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে চেম্বারের সদস্য ওবাইদুল আজিম রিংকুসহ অনেকেই মারা গেছেন। শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি মশার প্রজননস্থল তৈরি করছে। উন্নয়নকাজের জন্য খনন করা খালও যথাযথভাবে পরিষ্কার করা হচ্ছে না।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল, প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন, খাল-নর্দমা পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান আব্দুল ওয়াহেদ।

আক্রান্তদের অনেকে বাড়িতে বা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় এবং উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়ায় ডেঙ্গুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা স্বাস্থ্য বিভাগের হিসাবে উঠে আসছে না বলে মনে করছেন তিনি।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি বলেন, ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারণ করার আগেই আমাদের পরস্পরের সহযোগী হয়ে ডেঙ্গু নির্মূলে কাজ করতে হবে। এই দুঃসময়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা খরচে সর্বোচ্চ ছাড় নিশ্চিত করতে হবে।

ডেঙ্গু রোগীর পথ্য ডাব, পেঁপে, মালটাসহ বিভিন্ন ফলমূল ব্যবসায়ীদের সামান্য লাভে বিক্রির অনুরোধ জানিয়েছেন আব্দুল ওয়াহেদ।

সেইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা।

সংবাদ সম্মেলনে চেম্বারের অন্য ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।