২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারে নেমে মেনন বললেন, ‘অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ’

মেনন বলেন, “বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২/১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায় ।“

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 08:53 PM

Updated : 20 Dec 2023, 08:53 PM

বরিশাল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রচারে নেমেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, “নির্বাচন নিয়ে বিদেশিদের তেমন কোনো চাপ নেই। কারণ তারা দেখছে, বাংলাদেশ অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।”

বুধবার সকালে উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।

এ সময় মেনন সাংবাদিকদের বলেন, “বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২/১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে আশা পূরণ হবে না, কারণ জনগণ নির্বাচনমুখী।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, “শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।”

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার। 

রাশেদ খান মেনন দিনভর তার নির্বাচনি এলাকার গুঠিয়া বন্দর, দাসেরহাট, নারায়ণপুর, পঞ্চগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

পরে তিনি বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের শ্বশুরের জানাজার নামাজে অংশ নেন।