জয়পুরহাটে সড়কে বাস উল্টে ২৯ যাত্রী আহত
ঈদের ছুটি শেষে বাসটিতে ঢাকা ফিরছিলেন পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রীরা।
জয়পুরহাট সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে ২৯ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ভোরে দিনাজপুরের হিলি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম।
আহত যাত্রীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল জানান, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রীরা ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের বাসটিতে ঢাকা যাচ্ছিলেন।
“পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় টার্নিং পয়েন্টে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। এতে ২৯ জন যাত্রী আহত হন।”
পরে স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
